পনেরোয় পা বৈভব সূর্যবংশীর: জাতীয় দলের হয়ে খেলার পথে আর কোনো আইনি বাধা নেই

শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র বা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নামতে হলে একজন ক্রিকেটারের বয়স কমপক্ষে ১৫ বছর হওয়া বাধ্যতামূলক। বিশেষ ক্ষেত্রে ছাড়ের সুযোগ থাকলেও এতদিন বৈভবের ক্ষেত্রে সেই আইনি জটিলতা ছিল। আজ থেকে সেই বাধা দূর হওয়ায় এখন ভারতের জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি পূর্ণ যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
বর্তমানে বৈভব রাজস্থান রয়্যালসের আইপিএল অনুশীলন শিবিরে ব্যস্ত রয়েছেন। ৩০ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে যশস্বী জয়সওয়ালের সাথে তাকে ওপেনিংয়ে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রিয়ান পারাগ। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের দ্রুততম সেঞ্চুরি এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন সমস্তিপুরের এই বিস্ময় বালক।
বয়সের কোটা পূর্ণ হওয়ায় বৈভবের সামনে এখন জাতীয় দলের দরজা উন্মুক্ত। আইপিএলে প্রতিভার স্বাক্ষর রাখতে পারলে খুব শীঘ্রই তাকে ভারতের নীল জার্সিতে দেখা যেতে পারে বলে আশাবাদী ক্রিকেট অনুরাগীরা। মিডিয়া ও বাড়তি চাপ থেকে দূরে রেখে তাকে আগামীর জন্য প্রস্তুত করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। রেকর্ড গড়া এই কিশোরের আন্তর্জাতিক অভিষেক এখন সময়ের অপেক্ষা মাত্র।