ওয়াকিটকি হাতে হামলার নেতৃত্ব! জঙ্গিপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার আরএসএস নেতাসহ ৩০

মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র ফুলতলা মোড়। ইটবৃষ্টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত এলাকা সামলাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আরএসএস নেতা কিংশুক সরকার ও হিন্দুত্ববাদী নেতা বাবাই চক্রবর্তীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় হাতে ওয়াকিটকি নিয়ে হামলার নেতৃত্ব দিচ্ছিলেন কিংশুক।
জঙ্গিপুরের এই নজিরবিহীন অশান্তির ঘটনায় অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছে নির্বাচন কমিশন। গোটা পরিস্থিতির ব্যাখ্যা চেয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে জরুরি রিপোর্ট তলব করা হয়েছে। বর্তমানে এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে, যার ফলে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ।
শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু হওয়া রামনবমীর মিছিলটি ফুলতলা মোড়ে পৌঁছাতেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। থমথমে ভাব কাটাতে র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে গোটা মহকুমায়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুরো মুর্শিদাবাদ জেলাজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।