বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে জলপাইগুড়িতে হাড়হিম করা আতঙ্ক

জলপাইগুড়ি সাতসকালে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যের হাট এলাকায় শিউরে ওঠার মতো ঘটনা। নিজের বাড়ির অদূরেই উদ্ধার হল ৭৩ বছর বয়সি বৃদ্ধা সমিজা খাতুনের মুণ্ডহীন দেহ। ধড় পড়ে থাকলেও গায়েব মাথা। এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার সকালে ঘরের ভিতর বৃদ্ধাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। বাড়ির কাছেই একটি ফাঁকা জায়গায় তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। দেখা যায়, শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন করে নিয়ে গিয়েছে আততায়ীরা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন। বৃদ্ধা কি নিজেই বাড়ি থেকে বেরিয়েছিলেন নাকি তাঁকে কেউ ডেকে নিয়ে গিয়েছিল, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিচ্ছিন্ন মাথাটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই নারকীয় ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা।