ভোটের বুথ এবার দুর্ভেদ্য দুর্গ! এআই ক্যামেরার নজরে কাঁপবে কারচুপিকারীরা

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এবার রাজ্যের প্রতিটি বুথে বসছে এআই (AI) সক্ষম থ্রি-সিক্সটি ডিগ্রি ক্যামেরা। ভোট চলাকালীন বুথের ভেতর বা বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা বা ভিড় জমলেই সরাসরি সতর্কবার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। শুধু বুথ নয়, ইভিএম এবং ভিভিপ্যাট বহনকারী প্রতিটি গাড়িতে থাকছে জিপিএস ট্র্যাকিং ও ক্যামেরা নজরদারি।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ ক্যামেরার মাধ্যমে ত্রিস্তরীয় মনিটরিং চলবে। স্পর্শকাতর বুথগুলোতে থাকবে বাড়তি নজরদারি। ফ্লাইং স্কোয়াড থেকে শুরু করে সেক্টর অফিসার—সবার গতিবিধির ওপর নজর রাখবে কমিশন। ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছাড়া আর কারো কাছে মোবাইল ফোন রাখার অনুমতি থাকছে না। আধুনিক প্রযুক্তির এই নিশ্ছিদ্র বলয় ভেদ করে ভোটের ময়দানে কোনো অনিয়ম করা এবার কার্যত আসাম্ভব হতে চলেছে।