ইরানে এক দিনে রেকর্ড ৭০১ হামলা, ইসরায়েলে হুথিদের মিসাইল বৃষ্টিতে কাঁপছে মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও আমেরিকার সাড়া জাগানো হামলা আর হুথিদের পাল্টা মারে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। গত শনিবার ইরানজুড়ে আছড়ে পড়েছে অন্তত ৭০১টি ক্ষেপণাস্ত্র, যার মূল লক্ষ্য ছিল রাজধানী তেহরান। এই ভয়াবহ সংঘাতে ২৩৬ শিশুসহ ১৫৫১ জন ইরানি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ।
অন্যদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালীতে এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তিন সাংবাদিক, যাদের একজনকে হিজবুল্লাহ সদস্য বলে দাবি করেছে ইসরায়েল।
পেন্টাগন এখন ইরানে সরাসরি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, বিশেষ বাহিনী ও ৪ হাজার মেরিন সেনাকে উপসাগরীয় অঞ্চলের দিকে পাঠানো হচ্ছে। প্যারাট্রুপারদের রাখা হয়েছে হাই অ্যালার্টে। এদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে হামলার শোধ নিতে মধ্যপ্রাচ্যের সব আমেরিকান ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হবে। এমনকি ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো এখন জর্ডানে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার হুমকি দিচ্ছে।