জয় দিয়ে আইপিএল অভিযান শুরু আরসিবির, চিন্নাস্বামীতে বিরাটের ব্যাটে রান উৎসবের পর অনুষ্কাকে উড়ন্ত চুম্বন

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামীতে দেখা গেল সেই পরিচিত ‘বিরাট’ দাপট। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আরও একবার প্রমাণ হলো কেন বিরাট কোহলিকে ‘চেজ মাস্টার’ বলা হয়। মাত্র ৩৮ বলে ৬৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৫টি চার এবং ৫টি বিশাল ছক্কা।
ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত স্ত্রী অনুষ্কা শর্মার দিকে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই রোমান্টিক মুহূর্ত। বিরাটের এই জয়ের ইনিংসে যোগ্য সঙ্গ দেন দেবদত্ত পাডিক্কাল ও রজত পাটিদার। পাডিক্কাল ২৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন, আর শেষদিকে পাটিদার ১২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
এদিন গ্যালারিতে শুধু অনুষ্কাই নন, স্মৃতি মান্ধানা, শ্রেয়াঙ্কা পাতিল এবং জেমাইমা রদ্রিগেজের মতো তারকা নারী ক্রিকেটারদের উপস্থিতিও ম্যাচের গ্ল্যামার বাড়িয়ে দিয়েছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকলেও বিরাটের ব্যাটে যে মরচে ধরেনি, তা রবিবাসরীয় রাতে হাড়ে হাড়ে টের পেল হায়দ্রাবাদের বোলাররা।