‘রক্তের বদলে জঙ্গলমহলে শান্তি এনেছি’, বাঁকুড়ার সভা থেকে বিরোধীদের তোপ মমতার

‘রক্তের বদলে জঙ্গলমহলে শান্তি এনেছি’, বাঁকুড়ার সভা থেকে বিরোধীদের তোপ মমতার

বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী প্রচার সভায় জঙ্গলমহলের পরিবর্তন নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাইপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠাকুরমনি সরণের সমর্থনে আয়োজিত সভায় তিনি দাবি করেন, তাঁর সরকারই জঙ্গলমহলের মাটিতে রক্তপাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছে। মমতা মনে করিয়ে দেন, একসময়ে সারেঙ্গা, বিনপুর ও বেলপাহাড়ির মতো এলাকায় বন্দুকের গর্জন আর ভারী বুটের আওয়াজ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা, যা বর্তমানে অতীত।

উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, গত কয়েক বছরে বাঁকুড়ায় রাস্তাঘাট, ব্রিজ ও জলপ্রকল্পের ব্যাপক উন্নতি হয়েছে। তৃণমূল সরকার কথা দিলে কথা রাখে, এই বার্তা দিয়ে তিনি জিআই ট্যাগ প্রাপ্ত বালুচরি শাড়ির আধুনিকীকরণ ও প্রসারে প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া বাঁকুড়ার শিল্প-সংস্কৃতির বিকাশে তাঁর সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বলে তিনি জানান।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, বিধবাভাতা ও বার্ধক্যভাতার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানান, জাতি-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ এই পরিষেবা পাচ্ছেন। জঙ্গলমহলের এই স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী দিনেও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *