কামদুনির সেই প্রতিবাদী মুখ এবার গেরুয়া শিবিরে! কোন আসন থেকে ভোটে লড়বেন টুম্পা কয়াল

কামদুনির সেই প্রতিবাদী মুখ এবার গেরুয়া শিবিরে! কোন আসন থেকে ভোটে লড়বেন টুম্পা কয়াল

বিজেপিতে যোগ দিলেন কামদুনির লড়াকু নেত্রী টুম্পা কয়াল। আজ বিজেপি সদর দফতরে লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন তিনি। একই সঙ্গে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত আইপিএস সর্বরী ভট্টাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রবীণ কুমার সিং।

দলীয় সূত্রে খবর, আসন্ন নির্বাচনে টুম্পা কয়ালকে কোনও একটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করতে পারে বিজেপি। যোগদান মঞ্চে দাঁড়িয়ে টুম্পা বলেন, “২০১৩ সাল থেকে বিজেপি আমাদের পাশে ছিল। বাংলায় নারীবিরোধী ও দুর্নীতিবাজ সরকারকে হটাতেই আজ এই সিদ্ধান্ত নিলাম। বিজেপিতে থেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই জারি রাখব।”

২০১৩ সালের সেই নৃশংস কামদুনি কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর প্রতিবাদ করে শিরোনামে এসেছিলেন টুম্পা ও মৌসুমী কয়াল। গত বছর হাইকোর্টের রায়ে কামদুনি কাণ্ডে সাজা লাঘব হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছিল। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের বর্তমান অরাজকতা ও দুর্নীতির একমাত্র সমাধান বিজেপি। তাই সমাজের বুদ্ধিজীবী ও প্রতিবাদী মানুষরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *