হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের

বিশ্ব অর্থনীতি কি ইরানের হাতের মুঠোয়? পাকিস্তান যখন ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে, তখনই ওয়াশিংটনের ১৫ দফা শর্তের পাল্টায় এক বিস্ফোরক দাবি তুলল তেহরান। এবার হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্ব ও একচ্ছত্র আধিপত্য দাবি করেছে ইরান। এর আগে তিনটি শর্ত দিলেও, নতুন এই শর্তটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।
ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের ‘বসগিরি’ মেনে নিতে হবে আমেরিকাকে। বর্তমানে ভারতসহ বন্ধু দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিলেও, যুদ্ধের আবহে এই জলপথ কার্যত অবরুদ্ধ করে রেখেছে তারা। ব্লুমবার্গ ইকনমিক্সের মতে, ইরান বুঝে গেছে যে বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া কতটা সহজ ও সস্তা। তাই এই কৌশলগত সুবিধাকেই এখন দর কষাকষির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান।
এদিকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার আশঙ্কা, যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে ‘টোল’ আদায়ের চেষ্টা করতে পারে ইরান। রুবিও সাফ জানিয়েছেন, এই ধরণের বেআইনি পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এটি মোকাবিলায় আন্তর্জাতিক পরিকল্পনার প্রয়োজন। ফলে মধ্যস্থতার প্রচেষ্টা চললেও, হরমুজ প্রণালী দখল নিয়ে ইরান ও আমেরিকার সংঘাত এক নতুন ও বিপজ্জনক মোড় নিল।