বিশৃঙ্খলা করলেই চরম শাস্তি, নওদায় অভিষেকের কড়া হুঙ্কার

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগেই রণক্ষেত্র হয়ে ওঠে সভাস্থল। প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চেয়ার ভাঙচুর ও বিক্ষোভ দেখান একদল কর্মী। এই পরিস্থিতির মোকাবিলায় মঞ্চ থেকে কড়া বার্তা দেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, দলকে চাপে রাখতে বিশৃঙ্খলা করলে কোনোভাবেই রেয়াত করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই অভিষেক ঘোষণা করেন যে, নওদা আসনে প্রার্থী আসলে তিনি নিজেই এবং প্রত্যেকের ওপর তাঁর কড়া নজর রয়েছে।
প্রার্থীর ওপর ক্ষোভ থাকলেও দলের শৃঙ্খলা বজায় রাখতে ব্লক সভাপতিকে বিশেষ নির্দেশ দিয়েছেন অভিষেক। তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ সাফ জানিয়ে দিয়েছেন, প্রার্থী কে সেটা বড় কথা নয়, জোড়াফুলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ব্যক্তিগত বিরোধের জেরে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের কড়া পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।