সন্দেশখালিতে সাদা কাগজে সই করিয়ে নারী নিগ্রহের সাজানো ছক ফাঁস করলেন অভিষেক

রবিবার মুর্শিদাবাদের নওদার জনসভা থেকে সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এক গভীর রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে সন্দেশখালির মা-বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে গেরুয়া শিবির।
অভিষেকের নিশানায় বিজেপির ‘স্টিং’ ও ‘ষড়যন্ত্র’
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দুই বছর আগে পরিকল্পিতভাবে সন্দেশখালির ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল। মহিলাদের সাদা কাগজে সই করিয়ে সেগুলিকে শ্লীলতাহানির অভিযোগে রূপান্তর করা হয়। তিনি বলেন, “স্টিং অপারেশনে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথাতেই স্পষ্ট যে সবটাই ছিল সাজানো চক্রান্ত।” তৃণমূল নেতার দাবি, জমি দখলের প্রতিটি অভিযোগের তদন্ত হয়েছে এবং ইতিমত্যেই ১০০-র বেশি পরিবার তাঁদের জমি ফেরত পেয়েছেন।
‘বহিরাগত’ প্রার্থী বনাম ঘরের মেয়ে
সন্দেশখালির বিজেপি প্রার্থী সনৎ সর্দারকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ করে অভিষেক দাবি করেন, প্রার্থীর সঙ্গে এলাকার দীর্ঘ ১৫ বছর কোনো যোগ নেই এবং তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। পাল্টা তৃণমূল প্রার্থীকে ‘মাটির মেয়ে’ হিসেবে তুলে ধরে ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেন তিনি।
কেন্দ্রীয় বঞ্চনা ও ৫ প্রতিজ্ঞা
দিল্লির ‘রিমোট কন্ট্রোল’ রাজনীতির সমালোচনা করে অভিষেক জানান, আবাস যোজনাসহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। তবে বঞ্চনার জবাব দিতে তৃণমূলের ৫টি প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন তিনি। যার মধ্যে রয়েছে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, ঘরে ঘরে পানীয় জল, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প, বার্ধক্য ভাতা এবং পাকা ছাদের নিশ্চয়তা।