ভয়াবহ জ্বালানি সংকটে শ্রীলঙ্কা, ত্রাতার ভূমিকায় ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠাল ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার চরম দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। দ্বীপরাষ্ট্রটিতে পেট্রল ও ডিজেলের আকাশছোঁয়া দাম এবং জোগানে টান পড়ায় ভারত থেকে মোট ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠানো হয়েছে। আজ রবিবার কলম্বোয় এই সাহায্য পৌঁছেছে বলে জানা গিয়েছে।
বিদেশের একাধিক উৎস থেকে তেল আমদানিতে ব্যর্থ হয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়ক। এরপরই বন্ধু রাষ্ট্রকে নিরাশ না করে ২০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ১৮ হাজার মেট্রিক টন পেট্রল পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারতের এই দ্রুত পদক্ষেপে দ্বীপরাষ্ট্রটির বর্তমান সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
বিপদের দিনে ভারতের এই মানবিক সহায়তার জন্য দেশটির সরকার ও বিরোধী দলনেতা সজিত প্রেমদাসা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমদাসা জানান, কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে ভারত বন্ধুত্বের প্রকৃত পরিচয় দিয়েছে। উল্লেখ্য, সিঙ্গাপুর ও পশ্চিম এশিয়া থেকে তেল আনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারতের এই সময়োপযোগী সাহায্য শ্রীলঙ্কার অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে।