আমিরাত ও বাহরাইনে মার্কিন সামরিক কারখানায় মিসাইল বৃষ্টি শুরু করল আইআরজিসি

আমিরাত ও বাহরাইনে মার্কিন সামরিক কারখানায় মিসাইল বৃষ্টি শুরু করল আইআরজিসি

পারস্য উপসাগরের আকাশে উড়ছে ড্রোন আর মুহুর্মুহু আছড়ে পড়ছে ইরানি মিসাইল। দীর্ঘদিনের উত্তেজনার পর এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ও মহাকাশ শিল্পের সঙ্গে যুক্ত দুটি বিশাল শিল্প কারখানায় হামলা চালাল ইরান। ইসলামিক রিভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) এই অভিযানের দায় স্বীকার করে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মোক্ষম জবাব দিতেই এই ‘হাইব্রিড’ অপারেশন চালানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আমিরাতের বিখ্যাত ‘এমিরেটস অ্যালুমিনিয়াম’ (ইমাল) এবং বাহরাইনের ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’ (আলবা) কারখানাকে লক্ষ্য করে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। উল্লেখ্য, এই কারখানাগুলো মার্কিন সামরিক সরঞ্জাম তৈরির কাঁচামাল সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে ইমাল ফ্যাক্টরিতে রয়েছে বিশ্বের দীর্ঘতম অ্যালুমিনিয়াম উৎপাদন লাইন।

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারের মৃত্যুর পর থেকেই তেহরান চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল। আজকের এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হলো। আমেরিকা ও ইসরায়েল এই হামলার পর কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *