হলদিয়ায় শক্তিপ্রদর্শন করে আজ মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী
March 30, 20267:08 am

আজ সোমবার দুপুর ১২টায় হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেবেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর হাতে দলের প্রতীক তুলে দেন। এই হাইভোল্টেজ মনোনয়ন পর্ব ঘিরে পদ্ম শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন জমা দেওয়ার সময় রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান প্রার্থী দিলীপ ঘোষ। হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচিকে কেন্দ্র করে হলদিয়ায় বড়সড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিজেপি। শুভেন্দুর এই মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।