শিলিগুড়ির নাবালিকা মৃত্যুতে নাটকীয় মোড়, চেন্নাই থেকে গ্রেফতার সেই গৃহশিক্ষক

শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল গোটা রাজ্যে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহশিক্ষকের মানসিক চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ওই কিশোরী, এমনই অভিযোগ ছিল পরিবারের। ঘটনার পাঁচ দিন পর অবশেষে পুলিশি তৎপরতায় চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষক ও তার এক সঙ্গীকে।
এই গ্রেফতারির খবর আসতেই শিলিগুড়ির রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনার প্রতিবাদে নির্বাচনী প্রচার বন্ধ রেখে ধর্নায় বসেছিলেন। অভিযুক্ত ধরা পড়ায় তিনি ধর্না প্রত্যাহার করলেও শাসক-বিরোধী তরজা থামেনি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি বিধায়ককে। মেয়রের দাবি, শঙ্কর ঘোষ এই দুঃখজনক ঘটনা নিয়ে ‘নোংরা রাজনীতি’ করছেন। অন্যদিকে, দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
ডেপুটি পুলিশ কমিশনার কাজি সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন যে, গত ২৩ মার্চ ঘটনার পরেই এক একজনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই জানা যায় মূল অভিযুক্ত চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছে। এরপরই বিশেষ দল পাঠিয়ে তাকে পাকড়াও করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে শঙ্কর ঘোষ জানিয়েছেন, তিনি পুনরায় নির্বাচনী প্রচার শুরু করছেন, তবে পুলিশের দেরি করে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।