আরজি কর কাণ্ডে ব্রাত্য শান্তনু ফিরলেন মূলস্রোতে! ভোটের মুখে বড় চাল তৃণমূলের

আরজি কর আবহে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া সেই পরিচিত মুখ ফের স্বমহিমায়। দীর্ঘ সাসপেনশন কাটিয়ে প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ওপর থেকে অবশেষে কোপ তুলে নিল ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়ে দিলেন, এখন থেকে দলের সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন শান্তনু।
২৪-এর আরজি কর কাণ্ডের সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়ে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন এই চিকিৎসক নেতা। ফলস্বরূপ ২৫-এর জানুয়ারিতে তাঁকে সাসপেন্ড হতে হয়। তবে দলের বাইরে থেকেও শান্তনু কিন্তু নিজেকে গুটিয়ে রাখেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের ‘সেবাশ্রয়’ কর্মসূচি সফল করতে নেপথ্যে থেকে বড় ভূমিকা পালন করেছেন তিনি। এমনকি মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে আইনি লড়াইয়ে জিতে ফিরে পাওয়ার পর তাঁকে তৃণমূলের হয়ে দেওয়াল লিখন করতেও দেখা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে চিকিৎসক সেলের সমীকরণ মেলাতেই শান্তনুকে ফেরানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যখন সুদীপ্ত রায়ের মতো নেতাদের টিকিট দেওয়া হয়নি এবং নির্মল মাজিকে কঠিন আসনে পাঠানো হয়েছে, ঠিক তখনই শান্তনু সেনের এই প্রত্যাবর্তন দলের অন্দরে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। অনুগত সৈনিকের মতো সব ঝড় ঝাপটা সয়ে অবশেষে কি বড় কোনও পুরস্কার পেতে চলেছেন শান্তনু? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।