১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টে ওটিপি জমানার অবসান ঘটাচ্ছে আরবিআই

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে অনলাইন পেমেন্টের নিয়মে বড়সড় বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখন থেকে শুধুমাত্র ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করার দিন শেষ হচ্ছে। এর পরিবর্তে বাধ্যতামূলক করা হচ্ছে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ বা দ্বিমুখী নিরাপত্তা ব্যবস্থা। নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকদের টাকা পাঠানোর সময় ওটিপির পাশাপাশি পিন নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস আইডির মতো অতিরিক্ত স্তরের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিরাপদ ব্যাঙ্কিং পরিষেবা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই নতুন নিয়মে ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহককে দুটি আলাদা সিকিউরিটি গেট পার করতে হবে। যেমন কার্ড সোয়াইপ করার পর পিন দেওয়ার পাশাপাশি মোবাইলে আসা ওটিপি ইনপুট করাও জরুরি হয়ে পড়বে। ২০২৫ সালে এই ঘোষণা হলেও ১ এপ্রিল থেকে এটি সম্পূর্ণ বাধ্যতামূলক হচ্ছে। হ্যাকারদের হাত থেকে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করতেই আরবিআই এই বায়োমেট্রিক ও ডিভাইস বাইন্ডিং প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। তাই এখন থেকে ডিজিটাল পেমেন্টের সময় হাতে কিছুটা বাড়তি সময় রাখা এবং ব্যাঙ্কিং অ্যাপ আপডেট রাখা জরুরি।