দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর, কাপুর পরিবারে এল নতুন সদস্য

২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্মের পর ফের সুখবর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজা। ২৯ মার্চ রবিবার দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিলেন অনিল-কন্যা। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করে এই খুশির খবর ভক্তদের জানিয়েছেন তারকা দম্পতি।
সোনম ও আনন্দের শেয়ার করা নোটে লেখা ছিল, “অত্যন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরা হৃদয়ে আমরা জানাচ্ছি যে, ২০২৬ সালের ২৯ মার্চ আমাদের ঘরে এক পুত্রসন্তানের জন্ম হয়েছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো, আর ওর আগমনে আমাদের জীবন এক সুন্দর পূর্ণতা পেল।” নোটে আরও জানানো হয়, বড় দাদা হিসেবে ছোট্ট বায়ু তার ভাইকে স্বাগত জানাতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোনম। এরপর ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। গত বছর নভেম্বরে অত্যন্ত স্টাইলিশ কায়দায় নিজের দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। চলতি বছর ফেব্রুয়ারিতে মুম্বইয়ের বাড়িতে বসেছিল চাঁদের হাট, যেখানে ধুমধাম করে পালন করা হয় সোনমের সাধের অনুষ্ঠান।
এই সুখবর সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছেন সোনম ও আনন্দ। কারিনা কাপুর খান, পরিণীতি চোপড়া থেকে শুরু করে রিয়া কাপুর— বলিউডের সতীর্থরা নতুন অতিথিকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। চারজনের সুখী পরিবার হিসেবে জীবনের এই নতুন সফর শুরু করতে পেরে সোনম ও আনন্দ দুজনেই এখন ভীষণ আনন্দিত।