বালিতে পারিবারিক বিবাদে স্ত্রীকে পিটিয়ে খুন, তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

হাওড়ার বালি জুট মিল শ্রমিক মহল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম সাকিলা খাতুন (৩০)। শনিবার রাতে জুট মিলের ২০২ নম্বর কোয়ার্টার্সে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মহম্মদ জাভেদ তার তিন নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি বালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জাভেদকে গ্রেপ্তার করে খুনের মামলা রুজু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদ ও সাকিলার মধ্যে প্রায়ই অশান্তি ও মারধর চলত। শনিবার রাতে কাজ থেকে ফেরার পর ফের দম্পতির মধ্যে তীব্র বচসা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে জাভেদ মেজাজ হারিয়ে সাকিলার মাথা দেওয়ালে সজোরে ঠুকে দেন। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই গৃহবধূ। সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হওয়ার আগেই সাকিলার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে।
মায়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে দম্পতির তিন সন্তান। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত জাভেদ সন্তানদের নিয়ে থানায় পৌঁছে নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শ্রমিক মহল্লার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।