খাবারের বিলে এলপিজি চার্জ? সাবধান না হলে ঠকবেন আপনিও

রেস্তোরাঁয় খেতে গিয়ে পকেটে টান? খাবারের বিল মেটানোর আগে অবশ্যই যাচাই করে নিন এই বিশেষ চার্জ। সম্প্রতি সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA) হোটেল ও রেস্তোরাঁগুলোর জন্য কড়া নির্দেশিকা জারি করেছে। অনেক সময় দেখা যায়, মেনু কার্ডের দাম এবং ট্যাক্স ছাড়াও বিলে চুপিচুপি ‘এলপিজি চার্জ’ বা ‘গ্যাস সারচার্জ’ যোগ করা হচ্ছে। এবার থেকে এই ধরণের অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ বেআইনি।
নতুন নিয়ম অনুযায়ী, খাবারের দামের মধ্যেই সমস্ত খরচ অন্তর্ভুক্ত থাকতে হবে। জিএসটি ছাড়া অন্য কোনো নামে বাড়তি টাকা গ্রাহকের ওপর চাপানো যাবে না। যদি কোনো রেস্তোরাঁ বিলের শেষে ফুয়েল রিকভারি বা এলপিজি সারচার্জ যোগ করে, তবে গ্রাহক সরাসরি তা বাতিল করার দাবি জানাতে পারেন।
জোরপূর্বক এই টাকা আদায় করা হলে গ্রাহকরা ন্যাশনাল কনজুমার হেল্পলাইন নম্বর ১৯১৫-এ কল করে অভিযোগ জানাতে পারেন। এছাড়া ই-জাগৃতি (e-Jagriti) পোর্টালের মাধ্যমে অনলাইনেও অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।