ভোটের ডিউটিতে ব্লাড ব্যাংকের ৮১ কর্মী! তুঙ্গে বিতর্ক

মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও টেকনোলজিস্টদের পাঠানো হচ্ছে ভোটের ডিউটিতে। রাজ্যের এক নম্বর সরকারি ব্লাড ব্যাংকের ওপর এই কোপ পড়ায় কার্যত মাথায় হাত স্বাস্থ্য মহলের। এমনিতেই গরমের মরসুমে রক্তদান শিবিরের সংখ্যা তলানিতে, তার ওপর প্রধান চালিকাশক্তিরাই যদি বুথমুখী হন, তবে মুমূর্ষু রোগীদের কী হবে? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে এই ৮১ জনকে ভোটের ট্রেনিং ও কাজে যোগ দিতে বলা হয়েছে। তালিকায় রয়েছেন ৩৭ জন মেডিকেল টেকনোলজিস্ট, যাঁদের ছাড়া রক্ত সংগ্রহ থেকে পরীক্ষা—সবই প্রায় আসাম্ভব। পরিস্থিতি সামাল দিতে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডিরেক্টর ইতিমধ্যেই পাল্টা চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, জনস্বার্থে এই কর্মীদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।
সূত্রের খবর, ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মী, কাউকেই বাদ রাখা হয়নি এই তালিকা থেকে। রক্তদান আন্দোলনের কর্মীরা আশঙ্কা করছেন, এনআরএস সহ শহরের অন্য বড় ব্লাড ব্যাংকগুলোতেও যদি একইভাবে কর্মীদের ভোটের কাজে টানা হয়, তবে গোটা রাজ্যের রক্ত সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। মুমূর্ষু রোগীর পরিজনদের জন্য এখন রক্ত পাওয়া ‘ভগবানের দেখা পাওয়া’র মতোই দুর্লভ হয়ে দাঁড়িয়েছে।