ব্যক্তি কেন্দ্রিক বিদেশ নীতি ব্যর্থ, প্রধানমন্ত্রীকে ‘বিশ্ব-ভণ্ড’ বলে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের

আরব দুনিয়ার বর্তমান অস্থির পরিস্থিতিতে ভারতের বিদেশ নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রবিবার বিরোধী দলটির পক্ষ থেকে দাবি করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রধানমন্ত্রী এখন অত্যন্ত নমনীয় ও দুর্বল এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। কংগ্রেসের গণমাধ্যম বিষয়ক সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক বিবৃতিতে কটাক্ষ করে বলেন, বিদেশ নীতিতে তথাকথিত ‘বিশ্বগুরু’ এখন ‘বিশ্ব-ভণ্ড’-তে পর্যবসিত হয়েছেন।
কংগ্রেসের অভিযোগ, মোদী সরকারের ব্যক্তিতান্ত্রিক বিদেশ নীতি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে খাটো করেছে। রমেশের দাবি, এর আগে বিতর্কিত তিনটি কৃষি আইন পাশ করাও ছিল আমেরিকাকে তুষ্ট করার একটি ব্যর্থ প্রচেষ্টা। মোদী নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দাবি করলেও, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো জোরালো ভূমিকা নেই বলে সরব হয়েছে হাত-শিবির।
অন্যদিকে, পশ্চিম এশিয়ার সংকট নিরসনে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। ইসলামাবাদে একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সম্মেলন এবং শান্তি বৈঠকের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। হোয়াইট হাউসের সঙ্গে বিশেষ সম্পর্কের বড়াই করা সত্ত্বেও কেন পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ পেল, তা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা ও নীতিগত ব্যর্থতাকেই দায়ী করেছে প্রধান বিরোধী দল।