তৃণমূল কার্যালয়ে ক্যারম খেলে সাসপেন্ড ৩ কেন্দ্রীয় জওয়ান, কড়া দাওয়াই নির্বাচন কমিশনের

তৃণমূল কার্যালয়ে ক্যারম খেলে সাসপেন্ড ৩ কেন্দ্রীয় জওয়ান, কড়া দাওয়াই নির্বাচন কমিশনের

ভোটমুখী বীরভূমের সিউড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে ক্যারম খেলার অভিযোগে তিন কেন্দ্রীয় জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানেরা শাসকদলের অফিসে স্থানীয় যুবকদের সঙ্গে আড্ডায় মশগুল। আদর্শ আচরণবিধি চলাকালীন জওয়ানদের এই ভূমিকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় বিজেপি।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত তিন জওয়ানকে শনাক্ত করে তাঁদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আর কোনো ডিউটিতে তাঁদের রাখা হবে না। এর আগে মুর্শিদাবাদেও একই ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে জওয়ানদের সামান্য অসদাচরণও বরদাস্ত করা হবে না। বাহিনীর ভাবমূর্তি বজায় রাখতেই এই ‘গুরু দণ্ড’ দেওয়া হয়েছে, যা অন্য কর্মীদের জন্য একটি কড়া বার্তা। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে, তার আগেই শৃঙ্খলা বজায় রাখতে আপসহীন অবস্থান নিল কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *