সতর্কতা নাকি সংকট? এই গরমে আকাশে কমছে বিমানের সংখ্যা, বড় সিদ্ধান্ত নিল ডিজিসিএ

নিউ দিল্লি। তপ্ত গরমে যাত্রীদের জন্য অস্বস্তির খবর শোনাল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার গ্রীষ্মকালীন সূচিতে ঘরোয়া বিমানের সংখ্যা প্রায় ১২ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রবিবারের নতুন নিয়ম অনুযায়ী, আকাশপথে উড়ানের সংখ্যায় বড় কাঁচি চালিয়েছে প্রশাসন।
সূত্রের খবর, দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোর অতিরিক্ত বিমানের আগাম অনুমানের ভিত্তিতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে এবার যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রতি সপ্তাহে নতুন বিমানের দাবি করা হলেও, আধিকারিকরা সাফ জানিয়ে দিয়েছেন যে পর্যাপ্ত সম্পদ ও পাইলট সংখ্যা নিশ্চিত করতে পারলেই মিলবে বাড়তি উড়ানের অনুমতি।
গত ডিসেম্বরের বিশৃঙ্খলা যাতে আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই প্রায় সব এয়ারলাইনের ঘরোয়া উড়ান সংখ্যা এবার কমানো হয়েছে। গত বছর যেখানে সাপ্তাহিক ২৫,৬১০টি বিমানের সময়সূচি অনুমোদিত হয়েছিল, এবার তা প্রায় ৩,০০০টি কমে দাঁড়িয়েছে। ফলে আকাশপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই গ্রীষ্মকাল কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।