শাহিনদের হাতে বল বিকৃতি? রামিজ রাজার প্রশ্নে মেজাজ হারালেন লাহোর অধিনায়ক

পাকিস্তান সুপার লিগে তোলপাড়! বল বিকৃতির গুরুতর অভিযোগে কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেটের তিন পোস্টার বয় শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং ফখর জামান। করাচি কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে লাহোর কলন্দর্সের এই কাণ্ড ঘিরে উত্তাল ক্রিকেট দুনিয়া।
ম্যাচের শেষ ওভারে নাটকীয় মোড় নেয় যখন আম্পায়ার ফয়জল আফ্রিদি লক্ষ্য করেন, রউফ, শাহিন ও ফখর নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করার সময় অদ্ভুত আচরণ করছেন। হাতের তলায় বল লুকিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলেন তাঁরা। আম্পায়াররা বল পরীক্ষা করতেই হাতেনাতে ধরা পড়ে বিকৃতি। শাস্তিস্বরূপ করাচি কিংসকে ৫ রান পেনাল্টি উপহার দেওয়া হয়, যা শেষ পর্যন্ত লাহোরের হারের কারণ হয়ে দাঁড়ায়।
মাঠের উত্তেজনা গড়ায় পুরস্কার বিতরণী মঞ্চ পর্যন্ত। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা যখন সরাসরি শাহিনকে এই নজিরবিহীন ঘটনা নিয়ে প্রশ্ন করেন, তখন মেজাজ সামলাতে পারেননি লাহোর অধিনায়ক। খেই হারিয়ে শাহিন পাল্টা দাবি করেন, তিনি কিছুই জানেন না এবং আম্পায়াররা তাঁদের কোনো কথাই শোনেননি। ভিডিও ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেও, এই ঘটনায় পাক ক্রিকেটের অন্দরে ফের কলঙ্কের ছায়া নেমে এসেছে।