বিরিয়ানিতে লেগ পিস না থাকায় রণক্ষেত্র বিয়েবাড়ি, উত্তরপ্রদেশে তুমুল সংঘর্ষের ভিডিও ভাইরাল

উত্তরপ্রদেশের আমরোহার একটি বিয়েবাড়িতে বিরিয়ানিতে চিকেন লেগ পিস না পাওয়াকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। হাইবাতপুর বানজারা থেকে আসা বরযাত্রীদের সঙ্গে কনেপক্ষের সামান্য কথা কাটাকাটি দ্রুত সহিংস রূপ নেয়। উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়, যার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার পরিবেশনের সময় বিরিয়ানির মাংস নিয়ে বিতণ্ডা শুরু হলে আমন্ত্রিতরা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি এবং হাতাহাতি শুরু হয়। এতে অনুষ্ঠানে আসা মহিলা ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখে বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।