২৫ কোটি জলে? কেকেআর শিবিরে তুলকালাম

২৫ কোটি ২০ লক্ষ টাকার অলরাউন্ডার কেন বল করছেন না, তা নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে হারের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। হতাশ অধিনায়ক সরাসরি আঙুল তুললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে। আর তাতেই আইপিএলের আঙিনায় শুরু হয়েছে বেনজির সংঘাত।
ঘটনার সূত্রপাত মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের পরাজয়ের পর। ২২০ রান তুলেও বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে নাইটদের। ম্যাচ শেষে যখন প্রশ্ন ওঠে ক্যামেরন গ্রিনকে কেন বল করানো হলো না, তখন রাহানে সটান উত্তর দেন, “ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন!” তাঁর এই একটি বাক্যেই পরিষ্কার হয়ে যায় যে, গ্রিনের রিমোট কন্ট্রোল আদতে রয়েছে অজি বোর্ডের হাতে।
পাল্টা দিতে দেরি করেনি ক্রিকেট অস্ট্রেলিয়াও। তাদের দাবি, গ্রিনের পিঠের নিচের অংশে চোট রয়েছে এবং কেকেআর ম্যানেজমেন্ট সে বিষয়ে আগে থেকেই অবগত। অর্থাৎ রাহানের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে তারা। হিসেব অনুযায়ী, অন্তত ৯ এপ্রিল পর্যন্ত বল হাতে দেখা যাবে না এই অজি তারকাকে। সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও তিনি কেবল ব্যাটার হিসেবেই মাঠে নামবেন।
এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আকাশ চোপড়াও। তাঁর মতে, অলরাউন্ডার হিসেবে আকাশছোঁয়া দামে কিনে যদি কেবল ব্যাটারকে পাওয়া যায়, তবে তো রিফান্ডের দাবি ওঠা স্বাভাবিক। নিলামের সময় থেকেই গ্রিনের ভূমিকা নিয়ে যে ধোঁয়াশা ছিল, এই চোট বিতর্ক তাকে আরও উসকে দিল। হর্ষিত রানা ও পাথিরানার চোটের মাঝে গ্রিনের এই বোলিং করতে না পারা কেকেআর-এর বোলিং লাইনআপকে কার্যত দিশেহারা করে তুলেছে। ২ এপ্রিল সানরাইজার্সের বিরুদ্ধে ঘরের মাঠে রাহানের দল কীভাবে এই সংকট কাটায়, এখন সেটাই দেখার।