অতীতের জেলখাটা লস্কর জঙ্গি এবার দিল্লিতে ধৃত বাংলাদেশের মডিউল নিয়ে গোয়েন্দাদের জালে

দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল করে লস্কর-ই-তইবা জঙ্গি শাব্বির আহমেদ লোনকে গ্রেপ্তার করল পুলিশ ও গোয়েন্দা বিভাগ। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ থেকে জঙ্গি মডিউল পরিচালনার অভিযোগে দিল্লির সীমান্ত থেকে তাকে ধরা হয়। শ্রীনগরের বাসিন্দা লোন এর আগে ২০০৭ সালে অস্ত্রসহ ধরা পড়ে ১১ বছর জেল খেটেছিল। ২০১৮ সালে মুক্তির পর সে পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং ভারতবিরোধী কার্যকলাপ শুরু করে। গোয়েন্দাদের দাবি, দিল্লি ও দক্ষিণ ভারতজুড়ে বিস্তৃত এই সন্ত্রাসী নেটওয়ার্কটি রাজধানীসহ কলকাতার বিভিন্ন এলাকায় উসকানিমূলক পোস্টার সাঁটানোর কাজেও লিপ্ত ছিল।
তদন্তে জানা গেছে, লোন মূলত অবৈধভাবে ভারতে আসা অনুপ্রবেশকারীদের লস্কর মডিউলে নিয়োগের দায়িত্বে ছিল। ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ ও জাকিউর রহমান লাখভির সঙ্গে তার সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। বাংলাদেশে বসেই সে ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা সাজাচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। লোনের এই গ্রেপ্তারি দিল্লি পুলিশের বড় সাফল্য হলেও, তার সঙ্গে যুক্ত অন্যান্য সক্রিয় সদস্যদের সন্ধানে বর্তমানে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই জঙ্গি নেটওয়ার্কটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে দীর্ঘদিন ধরে ওত পেতে ছিল।