গ্যাস সংকটে ভারতের বাজিমাত ওএনজিসির হাত ধরে হু হু করে বাড়ছে শেয়ার দর

বিশ্বজুড়ে চলা গ্যাস সংকটের আবহে বড়সড় স্বস্তির খবর শোনাল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)। আরব সাগরে কো ম্পা নির প্রায় এক বিলিয়ন ডলারের ‘দমন আপসাইড ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (DUDP) থেকে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। গত ২৯ মার্চ থেকে প্ল্যাটফর্ম B-12-24P-এর মাধ্যমে হজিরা প্ল্যান্টে গ্যাস পাঠানো শুরু হয়েছে। মুম্বাই ও গুজরাটের উপকূলবর্তী এই প্রকল্প থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিদেশের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সাফল্যের জেরে শেয়ার বাজারেও ওএনজিসি-র জয়জয়কার লক্ষ্য করা গেছে। যেখানে অন্যান্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর শেয়ারে বড় ধস নেমেছে, সেখানে ওএনজিসি-র শেয়ারের দাম এক দিনে ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। চুক্তির মাত্র দুই বছরের মধ্যে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে এই বিশালাকার প্রকল্পের কাজ শেষ করে সংস্থাটি তাদের পেশাদারিত্বের নজির গড়েছে। দেশীয় প্রাকৃতিক গ্যাসের জোগান বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জন্য এই খবর অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।