বিজেপির ‘সঙ্কল্পপত্র’: একগুচ্ছ বড় প্রতিশ্রুতিতে সাজানো বাংলার নির্বাচনী ইস্তাহার

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের শুরুতেই নিজেদের নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করতে চলেছে বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে আনা অভিযোগগুলোর সমাধানের পথ বাতলে দিতেই এই বিশেষ পরিকল্পনা। মূলত সাতটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি এই ইস্তাহারে রাজ্যের আর্থিক সংস্কার, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আর্থিক ক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে বকেয়া ডিএ ৪৫ দিনের মধ্যে মেটানো, স্বচ্ছ নিয়োগ এবং লক্ষ্মীর ভান্ডারে মাসিক ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকছে। এছাড়া উত্তরবঙ্গে আইআইটি ও আইআইএম স্থাপন, সিঙ্গুরে শিল্পপার্ক তৈরি এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের মতো মেগা প্রকল্পের উল্লেখ রয়েছে। কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা এবং সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনাও রাখা হয়েছে সঙ্কল্পপত্রে।
শিল্প পুনরুজ্জীবনে চা, পাট ও প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছে বিজেপি। জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর করা এবং রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রতিশ্রুতি এই তালিকার অন্যতম আকর্ষণ। একইসঙ্গে মহিলা ও পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা এবং সীমান্ত এলাকার অর্থনীতির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এখন এপ্রিলের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।