৬৩ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে সংশয়! প্রচার সেরে সোজা নির্বাচন কমিশনে ছুটছেন অভিষেক

পুরুলিয়ার জনসভা শেষ করেই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বাড়ি নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গন্তব্য এখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়া নিয়ে কমিশনের কাছে জবাবদিহি চাইতে যাচ্ছেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ— রাজ্যজুড়ে প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে ভোটার তালিকা সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছেন অভিষেক। কমিশনের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, ২০২৫ সালের তালিকার নিরিখে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদের খাতায় রয়েছে। এর মধ্যে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হলেও, বিশাল একটি অংশের ভোটাধিকার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে এসআইআর পর্বে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে জনমানসে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রকাশিত চূড়ান্ত তালিকায় নতুন করে আরও সাড়ে ৫ লক্ষ নাম বাতিল হয়েছে। এমনকি ৪০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি যাচাইয়ের পর ১৮ লক্ষকে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে খবর, যার স্বপক্ষে যথেষ্ট নথি নেই বলে অভিযোগ উঠছে। এই বিপুল সংখ্যক মানুষের গণতান্ত্রিক অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন নিয়েই আজ বিকেলে সিইও অফিসে হাজির হচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ।