১ এপ্রিল থেকে প্যান কার্ডে আমূল বদল! আধার থাকলেই কি মিলবে এই নথি? জেনে নিন কী বলছে নতুন আয়কর আইন

১ এপ্রিল থেকে দেশে কার্যকর হচ্ছে নয়া আয়কর আইন। এর ফলে প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে দীর্ঘদিনের নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র। এখন থেকে শুধু আধার কার্ড থাকলেই আর প্যান কার্ড পাওয়া যাবে না। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম দিন থেকেই আবেদনকারীদের জমা দিতে হবে একগুচ্ছ বাড়তি নথি।
আয়কর দফতর সূত্রে খবর, নতুন নিয়ম অনুযায়ী আধারের পাশাপাশি এখন থেকে ভোটার কার্ড, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা দশম শ্রেণির বোর্ডের সার্টিফিকেটের মতো নথিও প্রয়োজন হতে পারে। তবে এর সবকটি বাধ্যতামূলক নয়, ফর্মের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। মনে রাখবেন, পুরনো ফর্মে আবেদন করলে তা সরাসরি বাতিল হয়ে যাবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন প্যান কার্ডে আবেদনকারীর নাম আলাদা করে থাকবে না; আধার কার্ডে থাকা নামই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তবে পুরনো প্যান কার্ডধারীদের চিন্তার কারণ নেই, তাঁদের বর্তমান কার্ড বৈধ থাকবে। পাশাপাশি আয়করের হিসেব সহজ করতে ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ ও ‘প্রিভিয়াস ইয়ার’-এর জটিলতা ঘুচিয়ে চালু হচ্ছে একক ‘ট্যাক্স ইয়ার’। এছাড়া চাকরিজীবীদের জন্য বহুল প্রচলিত ফর্ম-১৬-এর বদলে এবার থেকে দেওয়া হবে ফর্ম-১৩০।