ভোটের আগে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, ভবানীপুর থেকে নন্দীগ্রামসহ রাজ্যের ১৭৩ থানায় ওলটপালট

ভোটের আগে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, ভবানীপুর থেকে নন্দীগ্রামসহ রাজ্যের ১৭৩ থানায় ওলটপালট

ভোটের দামামা বাজতেই বাংলাজুড়ে প্রশাসনিক মহলে বড়সড় ধামাকা করল নির্বাচন কমিশন। নবান্নকে কার্যত চমকে দিয়ে একইসঙ্গে কলকাতা ও জেলা মিলিয়ে মোট ১৭৩টি থানার ওসি ও আইসি পদে রদবদল করা হলো। কমিশনের এই ‘মাস্টারস্ট্রোকে’র তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর এবং শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামও।

কলকাতা পুলিশের ৩১টি গুরুত্বপূর্ণ থানার পাশাপাশি রাজ্যের ১৪২টি থানায় নতুন অফিসার নিয়োগের সবুজ সংকেত দিয়েছে কমিশন। বিশেষ নজর দেওয়া হয়েছে স্পর্শকাতর এলাকাগুলোতে। ভবানীপুর থানার দায়িত্ব সামলাবেন এসটিএফ অফিসার সৌমিত্র বসু। অন্যদিকে চন্দননগর থেকে শুভব্রত নাথকে পাঠানো হয়েছে নন্দীগ্রামে। বহরমপুর থানার দায়িত্ব পেয়েছেন শুভাশিস ঘোষ।

কোচবিহার থেকে বীরভূম, মালদা থেকে মেদিনীপুর— বাদ যায়নি কোনও জেলাই। মূলত নিরপেক্ষতা বজায় রাখতে এবং স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই দীর্ঘদিনের পুরনো অফিসারদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। সাইবার ক্রাইম ও ট্রাফিক বিভাগ থেকেও বহু অভিজ্ঞ অফিসারকে সরাসরি থানার ইনচার্জ পদে বসানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কমিশনের এমন নজিরবিহীন সিদ্ধান্ত এর আগে দেখা যায়নি। নতুন অফিসারদের অবিলম্বে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *