২৬৭ ওসি-বিডিও বদল নিয়ে সরাসরি হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপের বিরুদ্ধে এবার রণংদেহি মেজাজে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিডিও এবং থানার ওসি মিলিয়ে মোট ২৬৭ জন আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি মেলার পর জানা গেছে, মঙ্গলবারই হতে পারে এই হাইভোল্টেজ মামলার শুনানি।
কমিশনের নির্দেশে ইতিমধ্যেই ভবানীপুর ও নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকার ১৭০ জন ওসি এবং ৮৩ জন বিডিও-কে বদলি করা হয়েছে। এই গণবদলির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এর আগেই সরব হয়েছিলেন কল্যাণ। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরানোর ইস্যু মিটতে না মিটতেই প্রশাসনের নিচুতলার এই ব্যাপক রদবদল নিয়ে ফের আইনি লড়াই শুরু হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের ওপর আদালত কোনো স্থগিতাদেশ দেয় কি না, এখন সেদিকেই নজর সকলের।