এক হুমকিতেই কি অচল হবে বিশ্বের ৯৫ শতাংশ ইন্টারনেট, লোহিত সাগরে ঘনীভূত হচ্ছে বড় বিপদ

লোহিত সাগরের তলদেশে থাকা ফাইবার-অপটিক কেবল কেটে ফেলার এক উড়ো হুমকিতে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়েছে। বিভিন্ন আসামর্থিত সূত্রের দাবি, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ ডিজিটাল করিডোরকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। যদিও তেহরান বা কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত এই হুমকির আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি, তবুও এশিয়া ও ইউরোপের সংযোগকারী এই রুটটি ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ডেটা প্রবাহ এবং আর্থিক লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সামুদ্রিক কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেটের মেরুদণ্ড যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড পরিষেবার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো নিয়ন্ত্রণ করে। ভারতও এই ঝুঁকির বাইরে নয়, কারণ দেশটির অধিকাংশ আন্তর্জাতিক ডেটা রুট এই অঞ্চল দিয়েই প্রবাহিত হয়। সৌদি আরবের কাছে একটি কেবল স্থাপনকারী জাহাজ আটকে পড়া এবং কিছু প্রতিষ্ঠানের জরুরি নোটিশ জারির ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। এই রুটটি ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেটের গতি কমে যাওয়াসহ ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করা হচ্ছে।