সিএসকে জার্সিতে মাঠে নামতেই আম্পায়ারের কড়া শাস্তির মুখে সরফরাজ খান

তিন বছর পর আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন করেই আজব পরিস্থিতির শিকার হলেন সরফরাজ খান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামামাত্রই আম্পায়ার তার ব্যাট পরীক্ষা করেন। নির্ধারিত ফ্রেমের মাপকাঠিতে উত্তীর্ণ হতে না পারায় সরফরাজের ব্যাটটি ‘ফেল’ ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী ব্যাটের আকার সঠিক না থাকায় খেলা শুরুর আগেই আম্পায়ার তাকে ব্যাট পরিবর্তন করতে বাধ্য করেন, যা গ্যালারিতে উপস্থিত দর্শকদের চমকে দেয়।
ব্যাট বদলালেও সরফরাজের আগ্রাসী মেজাজ কমেনি। নিজের তৃতীয় বলেই চার এবং পরবর্তী বলে ছক্কা হাঁকিয়ে বিধ্বংসী শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মাত্র ১৭ রান করেই রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে, রাজস্থানের পেস আক্রমণের মুখে চেন্নাইয়ের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পাওয়ার প্লে-তেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মহেন্দ্র সিং ধোনির দল।