এক দিনেই জমা পড়ল ৭৮টি ফর্ম! ভোট উৎসবের প্রথম দিনেই বাংলায় নজিরবিহীন তৎপরতা

এক দিনেই জমা পড়ল ৭৮টি ফর্ম! ভোট উৎসবের প্রথম দিনেই বাংলায় নজিরবিহীন তৎপরতা

সোমবার সকালে নির্বাচনী দামামা বাজতেই যেন শোরগোল পড়ে গেল বাংলায়। নির্বাচন কমিশন প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে। দিন শেষ হওয়ার আগেই ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। সব মিলিয়ে মোট ৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী অনেক প্রার্থী একাধিক সেট মনোনয়ন জমা দেন, তাই প্রার্থীর সংখ্যার চেয়ে ফর্মের সংখ্যা কিছুটা বেশি। গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছিল কমিশন। সেই সূচি মেনেই ৩০ মার্চ থেকে শুরু হলো প্রথম দফার আনুষ্ঠানিক প্রক্রিয়া।

উল্লেখ্য, এবারে বাংলার ভোটযুদ্ধ হবে দুই দফায়। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। সব প্রতীক্ষার অবসান ঘটবে আগামী ৪ মে, অর্থাৎ ফলপ্রকাশের দিন। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ৬ এপ্রিল। যাচাইকরণ বা স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল ধার্য করা হয়েছে। শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে কারা থাকছেন, তা জানতে আপাতত সপ্তাহখানেকের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *