৯০ লক্ষ নাম বাদ কি শুধু শুরু? পঞ্চম তালিকায় কমিশনের বড় চমক

৯০ লক্ষ নাম বাদ কি শুধু শুরু? পঞ্চম তালিকায় কমিশনের বড় চমক

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চরম নাটকীয় মোড় নিয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাচ্ছে, নতুন করে যাচাই করা ২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশের নামই বাদ পড়েছে। সব মিলিয়ে এই বাতিলের সংখ্যা ৯০ লক্ষে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

এখনও প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। কমিশন সূত্রে খবর, দ্রুত এই নামগুলোর নিষ্পত্তি করা হবে। তবে যাদের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকছে। এদিকে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, বিশেষ করে পাহাড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।

বিজেপির দাবি ছিল প্রায় ১ কোটি ২০ লক্ষ ভুয়ো নাম বাদ যাবে। অন্যদিকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ভিনরাজ্যের ভোটারদের অবৈধভাবে বাংলার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। মাত্র কয়েক ঘণ্টায় হাজার হাজার নতুন ফর্ম জমা পড়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোট। মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল পর্যন্ত ওই কেন্দ্রগুলোর ভোটার তালিকায় যাদের নাম থাকবে, তারাই ভোট দিতে পারবেন। একইভাবে দ্বিতীয় দফার ১৪২টি আসনের জন্য চূড়ান্ত তালিকা জানা যাবে ৯ এপ্রিল। সেদিনই পরিষ্কার হয়ে যাবে এসআইআর পরবর্তী রাজ্যে প্রকৃত ভোটার সংখ্যা ঠিক কত দাঁড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *