জন্মদিনে কেক না কেটে বোলারদের ‘কচুকাটা’ করলেন বৈভব

আইপিএলের মঞ্চে ব্যাট হাতে প্রলয় ১৫ বছরের কিশোরের। জন্মদিনের কেক কাটার বদলে সোমবার গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বোলারদের শাসন করে মাঠ ছাড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বলে বিধ্বংসী হাফসেঞ্চুরি করে জস বাটলার ও সুরেশ রায়নাদের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ তুর্কি। ১৭ বলে ৫২ রানের এক ঝোড়ো ইনিংসে আইপিএল ইতিহাসের দ্রুততম অর্ধশতরানের তালিকায় এখন তৃতীয় স্থানে বিহারের এই বিস্ময় বালক।
ম্যাচ শেষে বৈভব জানান, গত ২৭ মার্চ জন্মদিন থাকলেও সতীর্থদের হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি ঘুমানোর বাহানায় কেক কাটেননি তিনি। তবে সেই অপূর্ণ উদযাপন মাঠেই সেরে নিলেন বিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে। রিয়ান পরাগের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস এদিন চেন্নাইকে মাত্র ১২৭ রানে আটকে রেখে দাপুটে জয় তুলে নেয়। বৈভবের এই অবিশ্বাস্য ব্যাটিং দেখে ক্রিকেটবিশ্ব এখন রীতিমতো স্তম্ভিত। এর আগে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতরানের তালিকাতেও দ্বিতীয় স্থান দখল করে রেখেছিলেন এই খুদে ব্যাটার। এদিনের রেকর্ড ভাঙা ইনিংস যেন বুঝিয়ে দিল, আগামীর মহাতারকা হওয়ার সব রসদই তার ব্যাটে মজুত।