নেতাজির কাঁধে চড়ে গেরুয়া ঝান্ডা আর হাতে ধর্মীয় পতাকা, মালদহে বিজেপির বিরুদ্ধে চরম অবমাননার বিস্ফোরক অভিযোগ

নেতাজির কাঁধে চড়ে গেরুয়া ঝান্ডা আর হাতে ধর্মীয় পতাকা, মালদহে বিজেপির বিরুদ্ধে চরম অবমাননার বিস্ফোরক অভিযোগ

মালদহের মানিকচকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিকে কেন্দ্র করে এক নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, বীর সেনানি নেতাজির কাঁধে চড়ে তাঁর মূর্তি গেরুয়া পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে এবং হাতের মুঠোয় জোর করে গুঁজে দেওয়া হয়েছে ধর্মীয় নিশান। শুধু তাই নয়, জাতীয় পতাকা বাঁধার স্টিক ভেঙে ফেলা এবং তৃণমূল নেত্রীর ছবিতে তলোয়ার দিয়ে কোপানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

এই ঘটনায় মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ অনুযায়ী, প্রার্থীর উপস্থিতিতেই এই তাণ্ডব চালানো হয়। ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং জাতীয় বীরকে অপমানের অভিযোগে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ডেরেক ও’ব্রায়েন।

ঘটনার সূত্রপাত রামনবমীর একটি মিছিলকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, মিছিল থেকে ধারালো অস্ত্র প্রদর্শন এবং উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। যদিও অভিযুক্ত বিজেপি প্রার্থীর দাবি, মিছিলে অনেকেই ছিলেন এবং সেখানে কে এই কাজ করেছে তা তাঁর জানা নেই। জাতীয় আবেগ ও দেশপ্রেমের অবমাননার এই ঘটনায় জেলাজুড়ে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই ঘটনা মালদহের নির্বাচনী সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *