বৃষ্টির দাপটে মাথায় হাত আলু চাষিদের? ভেজা আলু বাঁচানোর মোক্ষম দাওয়াই দিল কৃষি দফতর
March 31, 202611:59 am

টানা দশ দিনের বৃষ্টিতে আলিপুরদুয়ারের বিঘার পর বিঘা আলু ক্ষেত এখন জলের তলায়। পচন ধরার আশঙ্কায় যখন কৃষকদের রাতের ঘুম উবেছে, ঠিক তখনই বড় ঘোষণা করল জেলা কৃষি দফতর। পচে যাওয়া নয়, বরং মাঠ থেকে তোলা ভেজা ও কাদা মাখা আলুও এখন থেকে সরাসরি হিমঘরে রাখা যাবে।
গত ১২ মার্চের দুর্যোগের পর থেকেই ফালাকাটা ও আলিপুরদুয়ারের চাষিরা চূড়ান্ত দুশ্চিন্তায় ছিলেন। তবে প্রশাসনের হস্তক্ষেপে হিমঘরগুলি এখন ভেজা আলু নিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। যারা বড় ক্ষতির মুখে পড়েছেন, তাদের জন্য ‘বাংলা শস্য বীমা’ যোজনার মাধ্যমে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারি আলু সংগ্রহ প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকদের থেকে আলু কেনার আশ্বাস দেওয়ায় স্বস্তির হাওয়া জেলাজুড়ে।