ঠাকুরবাড়ির অন্দরের লড়াই এবার ভোটের ময়দানে, বাগদায় মুখোমুখি ননদ ও বউদি

নিউজ ডেস্ক: মতুয়া গড়ে এবার এক হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে বাগদা বিধানসভা কেন্দ্র। বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক দিয়ে নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের। অন্যদিকে, তৃণমূলের টিকিটে এই আসনেই লড়ছেন শান্তনুর জ্যাঠতুতো বোন মধুপর্ণা ঠাকুর। ফলে ঠাকুরবাড়ির দুই সদস্যের এই ‘ননদ-বউদি’র লড়াই ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
মতুয়াদের মাতৃসেনার প্রধান সোমা ঠাকুর এর আগে স্বামীর হয়ে লোকসভা নির্বাচনে প্রচার করলেও, এই প্রথম সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামলেন। তাঁর বিপরীতে থাকা মধুপর্ণা ঠাকুর গত উপ-নির্বাচনে বড় ব্যবধানে জিতে বিধায়ক হয়েছিলেন। এবারও ঘাসফুল শিবির তাঁর ওপরেই আস্থা রেখেছে।
তবে সোমা ঠাকুরের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরে ক্ষোভের সুর দানা বেঁধেছে। স্থানীয় প্রার্থীর দাবিতে সরব হওয়া বিজেপি কর্মীদের একাংশ এই সিদ্ধান্তে খুশি নন। দলের নিচুতলার এই অসন্তোষ সামলে সোমা ঠাকুর কতটা লড়াই দিতে পারেন এবং পারিবারিক সম্পর্ক ছাপিয়ে রাজনীতির ময়দানে শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার।