মমতার বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ: নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে বিজেপি

মমতার বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ: নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গের ময়নাগুড়ির সভায় তাঁর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি প্রতিনিধি দল। মঙ্গলবার রাজ্যের সিইও দফতরে নালিশ জানান শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্য ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং সরাসরি রাজনৈতিক হিংসার ইঙ্গিত দিচ্ছে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মী-সমর্থকদের সরাসরি খুনের হুমকি দিচ্ছেন। তিনি প্রশ্ন তুলেছেন, উস্কানিমূলক মন্তব্য সত্ত্বেও নির্বাচন কমিশন কেন তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করছে না। পাশাপাশি, শুভেন্দু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের প্ররোচিত করা এবং ভোট-পরবর্তী হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন। সুকান্ত মজুমদারের দাবি, পরাজয়ের ভয়েই মুখ্যমন্ত্রী এমন বেপরোয়া ও হিংসাত্মক পথ বেছে নিয়েছেন।

বিজেপি আরও অভিযোগ করেছে যে, এসটিএফ এবং আইবি-র উচ্চপদস্থ পুলিশ কর্তারা বিরোধী নেতাদের ফোন ও লোকেশন ট্র্যাক করছেন। শুভেন্দু অধিকারী সরাসরি জাভেদ শামীম ও বিনীত গোয়েলের নাম নিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনকে অবিলম্বে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *