মমতা কি তবে ৮ এপ্রিলই ভবানীপুরের লড়াইয়ে নামছেন! তুঙ্গে তৃণমূলের তোড়জোড়

মমতা কি তবে ৮ এপ্রিলই ভবানীপুরের লড়াইয়ে নামছেন! তুঙ্গে তৃণমূলের তোড়জোড়

বাংলার বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে এবার লড়াইয়ের ময়দান প্রস্তুত। তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী ৮ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত গিয়ে তিনি নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা যাচ্ছে।

এই মিছিলে মমতার সঙ্গে থাকতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। এছাড়াও ভবানীপুর এলাকার কাউন্সিলর এবং অগণিত তৃণমূল কর্মী-সমর্থকদের ওই মিছিলে সামিল হওয়ার কথা রয়েছে।

ভবানীপুর এখন বাংলার আকর্ষণের কেন্দ্রবিন্দু

২০২১ সালের নন্দীগ্রামের সেই ঐতিহাসিক লড়াইয়ের ছায়া এবার ভবানীপুরে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েট প্রার্থীর দ্বৈরথে সরগরম ভবানীপুর। শুভেন্দুর পালটা প্রচার এবং মিছিল নিয়ে প্রতিদিন উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান।

তৃণমূলের সাজানো ঘুঁটি এবং প্রচার কৌশল

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ— গোটা রাজ্য জুড়ে প্রচারে ব্যস্ত। তবে সূত্রের খবর, ৮ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার পরেই নিজের কেন্দ্রে পূর্ণোদ্যমে প্রচারে নামবেন তিনি। ওয়ার্ড ভিত্তিক প্রচারের পাশাপাশি বড় মাপের মিছিল এবং মিটিংয়ের পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব।

বিশেষ করে মমতার নিজস্ব ৭৩ নম্বর ওয়ার্ডকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১৪ এপ্রিল বিআর আম্বেডকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভবানীপুরে বড়সড় জনসভার ডাক দিয়েছে জোড়াফুল শিবির। প্রচারের শেষ দিনে প্রতিটি ওয়ার্ডেই সভার পরিকল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিক প্রচারের আগেই স্থানীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন। সংগঠনকে চাঙ্গা করতে কোনো খামতি রাখছে না ঘাসফুল শিবির। এখন সবার নজর ৮ এপ্রিলের সেই মেগা মিছিলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *