ভয়ঙ্কর কারচুপি? ৩০ হাজার ভিনরাজ্যের নাম ভোটার তালিকায় ঢোকাচ্ছে বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁর সরাসরি অভিযোগ, সুপরিকল্পিতভাবে ভিনরাজ্যের বাসিন্দাদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। বাংলার সাধারণ মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টাকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, এসআইআর-র নামে নির্দিষ্টভাবে টার্গেট করে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং এই প্রক্রিয়ার জটিলতায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির এজেন্টরা কমিশনের কার্যালয়ে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ জমা দিচ্ছেন। এই আবেদনগুলি স্বাভাবিক নয়, বরং একটি ‘দুষ্টু চক্র’ কাজ করছে যারা বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির বাসিন্দাদের বাংলার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে।
দিল্লি নির্বাচনের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী জানান, সেখানেও এমন ঘটনা দেখা গিয়েছিল। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ৩০ হাজার ভিনরাজ্যের বাসিন্দার অন্তর্ভুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সংশ্লিষ্ট বুথ বা রাজনৈতিক দলগুলিকে নোটিশ না দিয়েই এই আবেদনগুলি মঞ্জুর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।