তৃণমূল কাউন্সিলরের শরীরের রঙের সঙ্গে জলের তুলনা! ভোটের মুখে দিলীপের ‘বিস্ফোরক’ মন্তব্যে তুঙ্গে বিতর্ক

তৃণমূল কাউন্সিলরের শরীরের রঙের সঙ্গে জলের তুলনা! ভোটের মুখে দিলীপের ‘বিস্ফোরক’ মন্তব্যে তুঙ্গে বিতর্ক

খড়গপুরে প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার এলাকার পানীয় জলের সমস্যার কথা বলতে গিয়ে সরাসরি তৃণমূল কাউন্সিলরের গায়ের রঙ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। বিধানসভা নির্বাচনের আবহে মেদিনীপুরের এই দাপুটে নেতার এমন ‘বর্ণবিদ্বেষী’ খোঁচায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিসেবে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছেন দিলীপ ঘোষ। এদিন স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে নিজের এলাকায় জনসংযোগ সারছিলেন তিনি। সেখানেই স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলকষ্টের অভিযোগ জানান। অভিযোগ শুনেই মেজাজ বদলে যায় দিলীপের। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “এখানে অধিকাংশ সময় জল মেলে না। আর যখন পাওয়া যায়, তখন সেই জল এতই নোংরা আর কালো যে ঠিক তৃণমূলের কাউন্সিলরের মতো দেখতে!”

এখানেই থামেননি তিনি। এলাকায় উন্নয়ন থমকে থাকা এবং দুর্নীতির প্রসঙ্গ টেনে মোদী সরকারকে ক্ষমতায় আনার আর্জি জানান। তবে পরিষেবার অভাবের সঙ্গে এক জনপ্রতিনিধির শারীরিক গঠন বা গায়ের রঙের তুলনা টানায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিকর ও বর্ণবিদ্বেষী বলে তড়িৎঘড়ি পাল্টা আক্রমণ শাণানো হয়েছে। ছাব্বিশের ভোটের আগে দিলীপ ঘোষের এই মন্তব্য পদ্ম শিবিরের অস্বস্তি বাড়াবে নাকি মেরুকরণের রাজনীতিতে হাওয়া দেবে, তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *