মাঝমাঠেই বিদায়! ফাইনাল ম্যাচে বল করে সোজা বিমানবন্দর ছুটলেন এই পেসার

ক্রিকেট ইতিহাসের অন্যতম এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ আফ্রিকা। খেলার মাঝপথেই সতীর্থদের অবাক করে দিয়ে মাঠ ছাড়লেন ২৭ বছর বয়সী ডানহাতি পেসার বেয়ার্স সোয়ানেপোয়েল। ফাইনালে যখন টানটান উত্তেজনা, জয়ের জন্য লড়ছে দল, ঠিক তখনই নিঃশব্দে স্টেডিয়াম থেকে বিদায় নিয়ে বিমানে চেপে বসলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম ডিভিশনের ওয়ানডে লিগে লায়ন্স বনাম টাইটান্সের হাইভোল্টেজ লড়াই চলছিল। লায়ন্সের হয়ে বল হাতে আগুন ঝরিয়ে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন বেয়ার্স। কিন্তু ২৪৯ রান তাড়া করতে নামা টাইটান্সের ইনিংসের মাঝপথেই হঠাৎ উধাও হয়ে যান এই ক্রিকেটার। প্রথমে সবাই ভেবেছিলেন চোট পেয়েছেন, কিন্তু আসল সত্য সামনে আসতেই কার্যত আকাশ থেকে পড়েন বোর্ড কর্তারা।
জানা গেছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের হয়ে খেলতে উড়ে গেছেন তিনি। বেয়ার্সের এই ‘পলায়ন’ মেনে নিতে পারছে না তাঁর দল। লায়ন্সের সিইও জোনো লিফ-রাইট চরম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই আচরণ দলের সংস্কৃতির পরিপন্থী এবং এর জন্য তাঁর চুক্তি বাতিল হতে পারে।
এদিকে মাঠের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন টাইটান্স আম্পায়ারের কাছে অভিযোগ জানায়। আম্পায়ারের নির্দেশে পরিবর্ত ফিল্ডার তুলে নেওয়ায় মাত্র ১০ জন নিয়ে ফিল্ডিং করতে বাধ্য হয় লায়ন্স। ম্যাচের একদম শেষ বলে এসে হৃদয়বিদারক হার জোটে তাদের কপালে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ইতিম্যধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেয়ার্সের বিরুদ্ধে বড়সড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।