আরবের টাকায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ লড়বেন ট্রাম্প! মার্কিন কোষাগার বাঁচাতে মাস্টারপ্ল্যান হোয়াইট হাউসের

আরবের টাকায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ লড়বেন ট্রাম্প! মার্কিন কোষাগার বাঁচাতে মাস্টারপ্ল্যান হোয়াইট হাউসের

‘অল্প দিনের লড়াই’ বলে ময়দানে নেমে এখন বড়সড় বিপাকে আমেরিকা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর ৩১ দিন পেরিয়ে গেলেও থামার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই যুদ্ধে মার্কিন কোষাগার থেকে জলবৎ তরলং অর্থ ব্যয় হচ্ছে যা দুশ্চিন্তায় ফেলেছে ওয়াশিংটনকে। পরিস্থিতি সামাল দিতে এবার মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোর ওপর যুদ্ধের খরচের দায় চাপানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্প চান এই যুদ্ধের বিশাল খরচ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন ও কুয়েতের মতো দেশগুলো বহন করুক। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন, এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার খরচ হয়ে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৯,৯৬০ কোটি টাকা। যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর আরও মোটা অঙ্কের অর্থ বরাদ্দ চেয়েছে।

এই আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে লেভিটকে প্রশ্ন করা হয়েছিল, আমেরিকা কি সত্যিই আরব দেশগুলোর থেকে যুদ্ধের খরচ আদায় করবে? উত্তরে লেভিট জানান, প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিয়ে বিশদে জানাবেন, তবে তিনি এই প্রস্তাবে যথেষ্ট আগ্রহী।

সূত্রের খবর, ইরানের ক্রমবর্ধমান হামলার মুখে নিজেদের সুরক্ষায় আমেরিকার ওপরই ভরসা করছে আরব দেশগুলো। পর্দার আড়ালে তারা আমেরিকাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুরোধও করেছে। ঠিক এই সুযোগটিকেই কাজে লাগিয়ে যুদ্ধের বিল আরব দেশগুলোর হাতে ধরিয়ে দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এই পদক্ষেপে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *