সব মুসলিমই পাচ্ছেন ওবিসি কোটা? রাজ্যসভায় বিস্ফোরক বিজেপি সাংসদ

সব মুসলিমই পাচ্ছেন ওবিসি কোটা? রাজ্যসভায় বিস্ফোরক বিজেপি সাংসদ

নয়াদিল্লি: বিরোধী শাসিত রাজ্যগুলোতে ওবিসি সংরক্ষণের নিয়ম কি লঙ্ঘিত হচ্ছে? সোমবার রাজ্যসভায় এই প্রশ্ন তুলেই তোলপাড় সৃষ্টি করলেন বিজেপি সাংসদ কে. লক্ষ্মণ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যগুলোতে ঢালাওভাবে সমস্ত মুসলিমকে ওবিসি তালিকাভুক্ত করা হচ্ছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক।

সাংসদ লক্ষ্মণ দাবি করেন, ধর্মের ভিত্তিতে এভাবে সংরক্ষণ দেওয়া প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়ার সামিল। তিনি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু হাইকোর্টের পুরনো রায়ের প্রসঙ্গ টেনে গোটা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।

এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিজেপি সাংসদের মন্তব্যের প্রতিবাদে কক্ষত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা। পালটা আক্রমণে সরব হন রাজ্যসভার নেতা জেপি নাড্ডা। তিনি বলেন, “বিরোধীরা আসলে তোষণ ও ভোটব্যাংকের রাজনীতি করছে। সংবিধান ও গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই।” মূলত পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের মুসলিম সংরক্ষণ ইস্যুতে দীর্ঘদিনের যে বিতর্ক, এই অভিযোগের ফলে তা নতুন করে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *