৭ বার গুলি খেয়েও মরে যাননি, কিন্তু সিস্টেমের অবহেলায় হার মানলেন এই IAS

৭ বার গুলি খেয়েও মরে যাননি, কিন্তু সিস্টেমের অবহেলায় হার মানলেন এই IAS

লখনউ – উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যবস্থায় ফের বড়সড় ধাক্কা। যোগী সরকারের কাজের ধরনে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন ২০২২ ব্যাচের আইএএস অফিসার রিনকু সিং রাহি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল, দেওয়া হয়নি কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব। “কাজই যদি না থাকে, তবে পদে থেকে লাভ কী?”—এই প্রশ্ন তুলেই ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।

দুর্নীতি বিরোধী লড়াই থেকে ইস্তফা

রিনকু সিং রাহি কোনও সাধারণ আমলা নন। ২০০৯ সালে মুজফফরনগরে সমাজকল্যাণ আধিকারিক থাকাকালীন ১০০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করেছিলেন তিনি। সেই সময় তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয় এবং তাঁকে লক্ষ্য করে ৭টি গুলি চালানো হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও তিনি দমে যাননি। আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেন ২০২২ সালে। কিন্তু প্রশাসনে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় বিড়ম্বনা। শাহজাহানপুরে এসডিএম থাকাকালীন আইনজীবীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পর তাঁকে মূল প্রশাসনিক কাজ থেকে সরিয়ে ‘রাজস্ব পরিষদে’ সংযুক্ত করা হয়েছিল।

দুই বছরে ৯ জন অফিসারের বিদায়

রিনকু সিং একাই নন, গত দুই বছরে উত্তরপ্রদেশের ৯ জন আইএএস অফিসার চাকরি ছেড়েছেন। তালিকায় রয়েছেন অনামিকা সিং, রিগজিয়ান সেম্পিল, বিকাশ গোথালওয়াল এবং বিদ্যা ভূষণের মতো অভিজ্ঞ আমলারা। কেউ ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, কেউ আবার ভিআরএস (VRS) নিয়েছেন।

সরকারকে বিঁধছে বিরোধীরা

এই ঘটনাকে কেন্দ্র করে যোগী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে সমাজবাদী পার্টি। সপা মুখপাত্র সুনীল যাদবের দাবি, “মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আধিকারিকরাই এখন ঠিক করছেন কে কোথায় পোস্টিং পাবেন। রিনকু সিংয়ের মতো সৎ ও সাহসী অফিসারদের কোণঠাসা করে রাখা হচ্ছে বলেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন।” রিনকু সিং তাঁর ইস্তফাপত্রে স্পষ্ট জানিয়েছেন, বর্তমান ব্যবস্থায় সাংবিধানিক কাঠামোর সমান্তরালে অন্য একটি ‘সিস্টেম’ কাজ করছে, যেখানে যোগ্যতার দাম নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *